আনলিমিটেড মেয়াদে টেলিটকের ‘জেন জি’ প্যাকেজ চালু

২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:০৩  

জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আলোচিত শব্দ 'জেনারেশন জি' বা 'জেন জি' কে অনুসরণ করে তরুণদের জন্য টেলিটক নিয়ে এলো 'জেন জি' (Gen-Z) প্যাকেজ। যাদের জন্ম ১৯৯৭ সাল থেকে ২০১২ এর মধ্যে অর্থাৎ বয়স ১২-২৭ বছর এবং যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রয়েছে কেবলমাত্র তারাই এই প্যাকেজের সিম গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে সিম কেনার পর বায়োমেট্রিক ভেরিফিকেশন হয়ে সিম অ্যাক্টিভ (চালু) হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহক পাবেন প্রি-লোডেট ব্যালেন্স, এসএমএস এবং ইন্টারনেট ডাটা।

মঙ্গলবার, বাংলাদেশ সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে “জেন-জি (Gen-Z)” প্যাকেজের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মোঃ মুশফিকুর রহমান টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী। এসময় টেলিটক বাংলাদেশ পরিচালনা পর্ষদের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, ড. মো. তৈয়বুর রহমান, মোঃ শাহিনুর ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ ইসরাত হোসেন খান, অতিরিক্ত মহাব্যবস্থাপক শিরিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

টেলিটকের পক্ষ থেকে এই ‘জেন-জি’ প্যাকেজ সম্পর্কে বলা হয়েছে, ‘জেনারেশন জেড’ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ‘জেন-জি’। এর মাধ্যমে সেই প্রজন্মকে বুঝায়, যারা বর্তমান যুগের ডিজিটাল ও প্রযুক্তি নির্ভর। এরা প্রযুক্তি ব্যবহার, উদ্ভাবনী চিন্তা ও নতুন ধারণা গ্রহণ করার ক্ষমতা রাখেন। বাংলাদেশে জেনারেশন জেড প্রজন্মের তরুণরা ডিজিটাল যুগের সাথে খাপ খাইয়ে নতুনত্ব এবং সামাজিক পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই বাংলাদেশের জেনারেশন জেডকে একটি উদ্ভাবনী, প্রযুক্তিপ্রেমী এবং সামাজিকভাবে সচেতন প্রজন্ম হিসেবে তৈরি করতে টেলিটক জেন-জি প্যাকেজ বাজারে এনেছে।

তবে এই সিম সবাই কিনতে পারবেন না। টেলিটক বলছে, যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে এবং যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আছে শুধু তারাই এই প্যাকেজের সিম কিনতে পারবেন। এই সিমের দাম ১৫০ টাকা। তবে গ্রাহকদের জন্য রয়েছে উপহার। সিম কেনার পর বায়োমেট্রিক ভেরিফিকেশন হয়ে সিম অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহক পাবেন ১৫ দিন মেয়াদে প্রি-লোডেড ব্যালেন্স ৫ টাকা, ৭ দিন মেয়াদে ফ্রি ১ জিবি ডাটা এবং ৭ দিন মেয়াদে ফ্রি ১০০ এসএমএস।

এই প্যাকেজে রয়েছে বাজারের সবচেয়ে কমমূল্যে আনলিমিটেড মেয়াদে ডাটা ও বছর মেয়াদে বান্ডল অফার সুবিধা। আরো রয়েছে ১ সেকেন্ড পালস্, সাশ্রয়ী ভয়েস, ট্যারিফ এবং চাকুরী প্রার্থীদের জন্য ১২ মাসের Alljobs Premium Membership service এর ফ্রি সুবিধা। “জেন-জি”নতুন গ্রাহক টেলিটক কাষ্টমার কেয়ার থেকে সিম ক্রয় করতে পারবেন। এছাড়াও গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে মাই টেলিটক (Myteletalk App) অ্যাপে নিবন্ধন করার মাধ্যমে বর্তমানে টেলিটক ব্যবহারকারীগণ জেন-জি প্যাকেজের অফারসমূহ গ্রহণ করতে পারবেন। পাশাপাশি ফিচার ফোন ব্যবহারকারিগণ USSD Code (*111#) এর মাধ্যমে এ সুবিধা পাবেন।

এর আগে, গত ৯ সেপ্টেম্বর (সোমবার) টেলিটকের প্রধান কার্যালয় পরিদর্শন করেন বর্তমান সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এ সময় টেলিটক তরুণদের জন্য ’জেন-জি’ প্যাকেজ চালু করার প্রস্তাব দিলে প্যাকেজটির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন উপদেষ্টা।